নির্বাচনের ফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে অন্তত ৩০টির বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের পরাজিত প্রার্থী সারজিস আলম। তাঁর দাবি, এসব ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেন।
তবে সরেজমিনে সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ঘটনাই স্থানীয়ভাবে সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ক্ষুদ্র সংঘর্ষের পর্যায়ে সীমাবদ্ধ। সংশ্লিষ্টরা হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নে স্বপন রানা নামে এক সমর্থক বাড়ির টিনের বেড়া ও জানালায় ধাক্কার অভিযোগ করেন। তবে স্থানীয় বিএনপি নেতারা বলেন, এটি দুই পক্ষের মিছিল চলাকালে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে এক দোকানদার দোকান বন্ধ রাখতে চাপের অভিযোগ তুললেও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। আটোয়ারীতেও আগুন ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে, তবে বিএনপি নেতারা তা অস্বীকার করে ‘অতিরঞ্জিত’ বলে দাবি করেন।
বিএনপির বিজয়ী প্রার্থীর পক্ষে তাঁর নির্বাচনী এজেন্ট নওফল আরশাদ জমির বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে ইতিবাচক রাজনীতির বার্তা দেওয়া হয়েছে। কেউ অপব্যবহার করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, বিভিন্ন স্থান থেকে ছোটখাটো ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বড় ধরনের কোনো সহিংসতার তথ্য পাওয়া যায়নি এবং এ পর্যন্ত লিখিত অভিযোগও জমা পড়েনি।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।