বাংলাদেশ

ছবি: প্রতিনিধি
নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হলো বাসসেবা

    দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন মানসিক সমস্যায় ভোগা ইউনুস শেখ ঘটনাস্থলে অসংলগ্নভাবে চলাফেরা করছিলেন। এ সময় ফরিদপুরগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত করছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ১৬, ২০২৬ 0
মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

   বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন ও ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক হাওলাদার-এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে খালেক হাওলাদার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে পাকা বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকার ৪১৯১ নং দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের বিরোধ চলছে। এ ঘটনায় জয়নাল আবেদিন বাদী হয়ে আদালতে বাটোয়ারা মামলা (দেওয়ানি নং-৪৯/২৩) দায়ের করেন। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে নির্মাণকাজ শুরু করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা দিলে জয়নাল আবেদিনের লোকজনকে হুমকি দেওয়া হয়। একই জমি বিরোধকে কেন্দ্র করে এর আগেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পক্ষ। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল খালেক হাওলাদার বলেন, জমিটি তাদের দখলে রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তিনিও আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। এ বিষয়ে সন্ন্যাসী ফাঁড়ির এএসআই আবজাল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে এবং আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।  

মোরেলগঞ্জ, বাগেরহাট এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার

    নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি অর্জন সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। স্পিকার বলেন, স্বাধীনতা অর্জনে যেমন রাজনৈতিক সচেতনতা ভূমিকা রেখেছে, তেমনি স্বৈরশাসনের সময় ছাত্র-জনতা রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। এতে মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ ও সচেতনতা বেড়েছে। তিনি আরও বলেন, “নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, তা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।” এর আগে স্পিকারকে বরিশাল সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি নিজ সংসদীয় এলাকা ভোলার উদ্দেশে রওনা দেন।

বরিশাল এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ

  নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৬, ২০২৬ 0
ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

চাঁপাইনবাবগঞ্জে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে, যা এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। পরবর্তীতে তাদের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে ছেলে মারা যান এবং মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তার মা। মৃতরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম (৭২)। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর শোকে ভেঙে পড়েন মা ময়না বেগম। এরপর শারীরিক অবস্থার অবনতি হয়ে ওই রাতেই তিনিও মারা যান। স্থানীয় ইউপি সদস্য সবুজ মিয়া বলেন, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। সকালে জানাজা শেষে তাদের পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৬ 0
বনানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর সড়কের কাঁচাবাজারের সামনে অবস্থিত ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।    

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে শুরু ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

  নীলফামারীর সৈয়দপুরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ আলম এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জামাল উদ্দিন শাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭টি স্টল অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
বৈশাখে ফরিদপুরে শতবর্ষী জমজমাট মাছের মেলা

  ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে তিন দিনব্যাপী বৈশাখী মেলায় উপচে পড়া ভিড়

  নীলফামারীর সৈয়দপুরে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী পিঠা মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে। সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে বুধবার (১৫ এপ্রিল) মেলার দ্বিতীয় দিন সকাল থেকেই মানুষের ঢল নামে। ‘আমরা একসাথে’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী এতে অংশ নিচ্ছেন। মেলায় প্রায় ৭০টি স্টলে দেশীয় ও আধুনিক নানা পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠার সমাহার রয়েছে। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিড়া ছাড়াও কেক, আচার ও হালকা খাবারের স্টলও রয়েছে। আয়োজকদের দাবি, মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তারা জানান, পিঠা সংস্কৃতির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
ফেনীতে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  ফেনীতে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) শহরের একটি কনভেনশন হলে হামযা এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক স্কলার ড. নুরুল ইসলাম মাক্কী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সিদ্দিক উল্লাহ এবং মাওলানা মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব ফারুকী। হামযা এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণে হজযাত্রীদের হজের বিধান, করণীয় এবং সতর্কতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা জানান, সুষ্ঠু ও নিরাপদ হজ সম্পন্নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

ফেনী এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান বিভাগীয় কমিশনারের

  রংপুরে হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে চলমান জাতীয় টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরীর আরডিআরএস রোকেয়া হলে আয়োজিত বিভাগীয় এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধযোগ্য রোগ হলেও সচেতনতার অভাব ও টিকাদানে অনীহার কারণে ঝুঁকি এখনো রয়ে গেছে। তাই ক্যাম্পেইন সফল করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গওসুল আজিম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোজাম্মেল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটর ডা. জোবায় আল মামুন, বিভাগীয় স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াজেদ আলী ও সহকারী পরিচালক মেসকাতুল আবেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনলাইনে বিভাগের আট জেলার জেলা প্রশাসকরা যুক্ত হন। এছাড়া সিভিল সার্জন, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করা হবে। এতে শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আয়োজনে জানানো হয়, নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জনে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং দুর্গম ও প্রান্তিক এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  

রংপুর ব্যুরো এপ্রিল ১৫, ২০২৬ 0
সড়ক দুর্ঘটনায় ঢাবির ‘ক্ষণিকা’ বাসের একাধিক শিক্ষার্থী আহত

রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৫ থেকে ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিএফডিসি সংলগ্ন র‌্যাম্পে নামার সময় বিআরটিসির দোতলা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে একটি মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি জানান, অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0
ঢাকার ফুটপাত ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের জন্য তালিকাভুক্ত লাইসেন্সিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টির পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নগর ব্যবস্থাপনায় নাগরিক ও সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ফুটপাতে ব্যবসা করতে হলে এখন থেকে অনুমোদন ও আইনি প্রক্রিয়ার আওতায় আসতে হবে। একই সঙ্গে হকারদের জন্য নির্দিষ্ট স্থান ও গাইডলাইন নির্ধারণ করা হবে, যাতে অবৈধ দখল ও অগোছালো বাজার ব্যবস্থা বন্ধ করা যায়। ডিএসসিসি প্রশাসক আরও জানান, ফুটপাত দখলমুক্ত উদ্যোগ টেকসই করতে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে এক সপ্তাহের মধ্যে জরিপ কার্যক্রম শুরু হবে। তিনি নাগরিকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রাস্তায় বর্জ্য না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে, নইলে নগর ব্যবস্থাপনা টেকসই করা সম্ভব নয়।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত আহত ৩

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। তারা জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর ছেলে। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মো. হোসেনসহ আরও তিনজন আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং সুরতহাল প্রতিবেদন ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৫, ২০২৬ 0
ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

    ফকিরহাট উপজেলা-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনব্যাপী উৎসবমুখর ও সুশৃঙ্খল কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ডাকবাংলো মোড় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়। পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক বর্ষবরণ কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে স্থানীয় শিল্পীরা বাঙালির ঐতিহ্য, কৃষ্টি ও লোকজ সংস্কৃতি উপস্থাপন করেন। পাশাপাশি দড়ি টানাটানি প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন জনসাধারণের অংশগ্রহণে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে শহীদ মিনার চত্বরে গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা-পুলিসহ বিভিন্ন পণ্যের অস্থায়ী স্টল বসানো হয়, যা দর্শনার্থীদের আগ্রহ সৃষ্টি করে। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসব কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনু জামান। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর

    পহেলা বৈশাখকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা বিকাশে নীলফামারীর সৈয়দপুর-এ কুইজ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অরাজনৈতিক সংগঠন সততসঞ্চারী-এর উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রহমতউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজকদের তথ্যমতে, ১৩ এপ্রিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পৃথক তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরদিন নববর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের জন্য ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যা লাইসিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মোঃ আশরাফুল ইসলাম সবুজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল মুনতাকিম। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করা হলে তারা ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।    

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
জামালপুরে কৃষক কার্ড উদ্বোধন ও ১১৫ কৃষকের মাঝে বিতরণ

    ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় পর্যায়ে এ কর্মসূচি উদ্বোধনের পর স্থানীয়ভাবে নাপিতের চর বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের অল্প সময়ের কার্যক্রমের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কৃষকসহ সব শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, সার ও বীজ প্রাপ্তি সহজ করতে পর্যায়ক্রমে দেশের সব প্রকৃত কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে, যা কৃষি খাতে সুশাসন ও সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে। ভিডিও কনফারেন্সে স্থানীয় অংশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তানিয়া আক্তার এপ্রিল ১৪, ২০২৬ 0
সন্তোষে ভাসানীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  গণমানুষের নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে তিনি সন্তোষ-এ অবস্থিত ঐতিহাসিক সমাধি প্রাঙ্গণে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভাসানীর আদর্শকে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, কৃষকের কল্যাণে ভাসানীর স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় টাঙ্গাইল থেকেই ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

    বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রংপুর জেলায় প্রশাসনের তত্ত্বাবধানে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জিলা স্কুল বটমূলে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে ঐতিহ্যবাহী বৈশাখী র‌্যালি নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে, যেখানে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশীয় সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়। সমাবেশে বক্তারা সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক চর্চা ও রাষ্ট্রীয় উন্নয়নে সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে তিন দিনব্যাপী উৎসবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পৃথক আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন অব্যাহত রয়েছে।  

রংপুর ব্যুরো এপ্রিল ১৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি
নীলফামারীতে বর্ণিল আয়োজনে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন

    নীলফামারীতে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে মেতে উঠেছে সর্বস্তরের মানুষ। গ্রাম থেকে শহর—সবখানেই বাঙালিয়ানা আর ঐতিহ্যের এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছে পুরো জেলা। বর্ণিল প্রস্তুতি ও ঐতিহ্যের ছোঁয়া পহেলা বৈশাখকে বরণ করে নিতে কেউ তৈরি করেছেন বাঁশ-বেত দিয়ে জাতীয় পাখি দোয়েল, কেউ বানিয়েছেন জাতীয় মাছ ইলিশের প্রতিকৃতি। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে তৈরি হয়েছে লাঙ্গল-জোয়াল, কৃষকের ঝাঁপি, ঘুড়ি, ঢোল-তবলা, গরুর গাড়ি ও ঘোড়ার গাড়ি। সকালজুড়ে শোভাযাত্রা ও উৎসব মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নীলফামারী যেন সেজেছিল এক বর্ণিল সাজে। ঢাক-ঢোল, নাচ-গান আর রঙের উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ করে নেয় মানুষ। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান-এর নেতৃত্বে ডিসি চত্বর থেকে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি’স গার্ডেনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। মেলা, সংস্কৃতি ও মিলনমেলা নীলফামারী প্রেসক্লাব চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে ছিল পান্তা ভাতের আসর, শিশুদের কবিতা আবৃত্তি, ছবি আঁকা প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণ। অন্যদিকে সৈয়দপুরেও উপজেলা প্রশাসন ও শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। সম্প্রীতির বার্তা জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ একটি সর্বজনীন উৎসব—ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে একসঙ্গে অংশ নেয়। পাজামা-পাঞ্জাবি ও শাড়িতে সজ্জিত মানুষ, শিশুদের রঙিন পোশাক, আর সর্বত্র উৎসবের আমেজ—সব মিলিয়ে নীলফামারীতে পহেলা বৈশাখ পরিণত হয়েছে আনন্দ, ঐতিহ্য ও সম্প্রীতির এক মহামিলনে।

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৪, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
অপরাধ

নীলফামারীতে মন্দিরের কাছে কৃষকের গলাকাটা লাশ

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ১৪, ২০২৬ 0