নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনকে পুনর্বহাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছে হাইকোর্ট বিভাগ।
আজ ১১ মার্চ ২০২৬ তারিখে এ নির্দেশনা প্রদান করে।
রায়ের সংক্ষিপ্ত তথ্যে জানা যায় যে, মোঃ আরিফ হোসেন ২০২৩ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত। এরপর গত ২৯ মার্চ ২০২৩ তারিখ থেকে তিনি নিয়মিতভাবে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন।
কিন্তু হঠাৎ করে গত ২৮ জুলাই ২০২৫ তারিখে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) প্রদান না করে এবং আইনানুগভাবে সাময়িক বরখাস্ত (Suspension) না করেই তার ক্ষমতা কেড়ে নিয়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার (Upazila Implementation Officer) নিকট ন্যস্ত করা হয়।
উক্ত আদেশকে বেআইনি, ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভূত দাবি করে মোঃ আরিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট মামলায় মোঃ আরিফ হোসেনের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মনির হোসেন।
হাইকোর্ট বিভাগ শুনানি শেষে আজ ১১ মার্চ ২০২৬ তারিখে একটি রুল জারি করেন এবং উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান সংক্রান্ত আদেশের কার্যকারিতা স্থগিত (Stay) করেন।
একই সাথে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট বিবাদীগণকে মোঃ আরিফ হোসেনকে নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল করার নির্দেশনা প্রদান করেন।
এই আদেশের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় আইনের শাসন ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করা হয়েছ'।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।