বাগেরহাটের মোরেলগঞ্জে জ্বালানি তেল পেট্রোল, ডিজেল ও অকটেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় তেল সংকটে পড়েছেন ক্রেতারা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামেও মিলছে না পেট্রোল ও ডিজেল। ফলে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, নৌযান ও সড়কপথের যানবাহন চালাতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন বাজারে প্রায় অর্ধশতাধিক খুচরা জ্বালানি তেল বিক্রির দোকান রয়েছে। গত বৃহস্পতিবার থেকে তেলের সরবরাহ কমে যাওয়ায় এসব দোকানের অর্ধেকের বেশি বন্ধ হয়ে গেছে। যে কয়েকটি দোকান খোলা আছে সেখানেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

সরকারি নির্ধারিত দাম অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা ৬০ পয়সা হলেও খুচরা বাজারে তা ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ডিজেল ১০০ টাকা ৬০ পয়সার পরিবর্তে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক দোকানদার আবার তেল না থাকার কথা জানিয়ে দোকান বন্ধ রেখেছেন।
খুচরা বিক্রেতারা জানান, আগে প্রতি সপ্তাহে প্রায় ৮ থেকে ১০ ড্রাম তেল বিক্রি হতো। কিন্তু বর্তমানে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সপ্তাহে ২ থেকে ৪ ড্রাম তেল জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে। ফলে দুই-তিন দিন বিক্রির পর বাকি সময় দোকান বন্ধ রাখতে হচ্ছে।
এদিকে ছোলমবাড়িয়া খেয়াঘাটে ট্রলার চালকরা ডিজেল না পেয়ে দূর-দূরান্ত থেকে বেশি দামে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। ঘাট পরিচালক সুবল পাটনি বলেন, প্রতিদিন এ ঘাট দিয়ে দুই থেকে তিন হাজার মানুষ নদী পারাপার করেন। কিন্তু তেলের সংকটে ট্রলার চালানো কঠিন হয়ে পড়েছে।
কৃষক, ট্রলার চালক ও সাধারণ ক্রেতাদের দাবি, দ্রুত তেলের সংকট দূর করে পূর্বের মতো খুচরা বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, উপজেলার খুচরা দোকানগুলোতে জ্বালানি তেলের সংকটের বিষয়টি খতিয়ে দেখা হবে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।