বাগেরহাটের ফকিরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে। আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি পলাতক রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ব্যবসায়িক অংশীদারিত্বের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা নেন শহিদুল ইসলাম। পরবর্তীতে চেক দিলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় তা ডিজঅনার হয়। এ ঘটনায় আদালতে মামলা হলে বিচার শেষে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। আংশিক অর্থ পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, আদালতের রায় থাকা সত্ত্বেও আসামিকে গ্রেফতার করা হয়নি এবং আত্মসাৎকৃত অর্থও ফেরত পাননি।
ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানার রিকুইজিশন পেলে আসামিকে গ্রেফতার করা সম্ভব। জেলা পুলিশ সুপার ইতোমধ্যে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এবং দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।