নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালটি এখন অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে। একসময় আন্তর্জাতিক মানের চিকিৎসা ও গবেষণার কেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে সম্পূর্ণ বন্ধ এবং প্রশাসনিকভাবে সিলগালা অবস্থায় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় অবস্থিত হাসপাতালটিতে নীরবতা বিরাজ করছে। নেই কোনো চিকিৎসক, রোগী বা সেবাকর্মীর উপস্থিতি। ভবনের ভেতরে পড়ে আছে দামী আসবাবপত্র, আর অবকাঠামো ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে—পরিত্যক্ত পরিবেশে যেন এক ভুতুড়ে আবহ তৈরি হয়েছে।

সূত্র জানায়, ২০০২ সালে জাপান সরকারের অর্থায়নে এবং আইএসিআইবি (IACIB)-এর উদ্যোগে এই বিশেষায়িত হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ফাইলেরিয়া (গোদ রোগ) চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি। দেশ-বিদেশের বহু রোগী এখানে চিকিৎসা নিতে আসতেন।

তবে পরিচালনা কমিটির দ্বন্দ্ব, আর্থিক সংকট এবং অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে ২০২৩ সালের মে মাসে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নানা অনিয়মের অভিযোগে ২০২৪ সালের ১২ জুন স্থানীয় প্রশাসন হাসপাতালটি সিলগালা করে দেয়।
বর্তমানে হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই গুরুত্বপূর্ণ চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হোক, যাতে ফাইলেরিয়া রোগ প্রতিরোধে আবারও কার্যকর ভূমিকা রাখতে পারে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।