দেশের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলায় সমন্বয় সভা আয়োজন করে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সভায় দস্যুতা দমন, অবৈধ কার্যক্রম প্রতিরোধ ও পর্যটকসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশ নৌবাহিনী, বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মৎস্য ও বন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ট্যুর অপারেটর, রিসোর্ট মালিক, মৎস্য ব্যবসায়ী ও মাঝি-মাল্লারা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্তে সুন্দরবনে দস্যুতা দমন কার্যক্রম জোরদার, সীমান্তবর্তী নদীপথে অবৈধ অস্ত্র ও মানব পাচার প্রতিরোধ, পর্যটকবাহী জাহাজ ও রিসোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ, ফিশিং ট্রলারের মাধ্যমে চোরাচালান বন্ধ ও ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও দস্যুতা দমন কার্যক্রম ভবিষ্যতেও সমন্বিতভাবে অব্যাহত থাকবে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।