আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফশিল ঘোষণার পর থেকেই আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে নামায় নীলফামারীর সৈয়দপুরের প্রেস মালিক ও কর্মচারীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
সৈয়দপুরের একতা প্রেসের মালিক নূরন্নবী দুখু বলেন, জাতীয় নির্বাচনই ছিল প্রেস ব্যবসায়ীদের প্রধান আয়ের মৌসুম। পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপিয়ে কর্মচারীদের বেতন, ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ মিলত। কিন্তু এবার পোস্টার নিষিদ্ধ হওয়ায় আগাম প্রস্তুতি, কাগজ কেনা ও কর্মচারীদের অগ্রিম বেতন—সবই লোকসানে পরিণত হয়েছে।
একতা প্রেসের কর্মচারী রায়হান জানান, নির্বাচনের সময় ওভারটাইম করে বাড়তি আয়ের আশা ছিল। পাশাপাশি পোস্টার লাগানোর কাজে অনেক বেকার যুবকের দৈনিক আয় হতো, যা এবার বন্ধ হয়ে গেছে।

স্মৃতি আর্ট প্রেসের মালিক রফিকুল ইসলাম সোনার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমনিতেই ব্যবসা মন্দা। নির্বাচনকে ঘিরে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা ছিল, কিন্তু পোস্টার নিষেধাজ্ঞায় সেই সম্ভাবনাও শেষ।
আনন্দ প্রেসের মালিক আরমান হোসেন বলেন, সৈয়দপুরে প্রায় ১৪টি উন্নতমানের ছাপাখানা রয়েছে, যা নীলফামারী ও আশপাশের জেলাগুলোর চাহিদা মেটায়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় অর্ডারের আশা থাকলেও পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তে সব প্রেস মালিকই ক্ষতির মুখে পড়েছেন।
প্রেস মালিকরা বলছেন, আইন ও আচরণবিধি মেনে চলার পাশাপাশি বিকল্প প্রচারণা সামগ্রীতে স্থানীয় ছাপাখানাগুলোর অংশগ্রহণের সুযোগ রাখলে এই খাতের কর্মসংস্থান ও অর্থনীতি কিছুটা রক্ষা পেত।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।