কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সেলাই মেশিন মেরামতের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. মোবারক হোসেন (৪৬) নামে এক কারিগরকে কুপিয়ে গুরুতর আহত এবং তার দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (২১ জানুয়ারি) নিকলী উপজেলার মজলিশপুর ভুঞা সুপার মার্কেটে। এ ঘটনায় ভুক্তভোগী মোবারক হোসেন নিকলী থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও চার দিন পেরিয়ে গেলেও মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৫ জানুয়ারি) কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারে কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীর বড় ভাই মনির উদ্দিন। তিনি জানান, অভিযুক্ত শাওন দীর্ঘদিন ধরে তার ভাইয়ের দোকান থেকে সেলাই মেশিন ও গ্যাসের চুলা মেরামত করিয়ে টাকা পরিশোধ করতেন না। টাকা চাইলে বাকবিতণ্ডার একপর্যায়ে শাওনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। ধারালো দা দিয়ে মাথায় কোপানোসহ লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয় মোবারক হোসেনকে। পরে দোকান ভাঙচুর করা হয় এবং পকেট থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়।
গুরুতর আহত মোবারক হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি লিখিত অভিযোগে স্বাক্ষর করেন বলে জানানো হয়।
অভিযুক্তরা হলেন—মজলিশপুর বড়হাটি গ্রামের মো. শাওন (৩০), ছুরমান (৬০) ও শান্তিপুর গ্রামের এখলাছ উদ্দিন।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মামলা নেব না—এমন কোনো কথা নেই। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।