উত্তরাঞ্চলে জনস্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে রংপুর বিভাগজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চার শিশুকে শনাক্ত করে সংক্রমণ নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে ভর্তি হওয়া এসব শিশুর শরীরে পরবর্তীতে র্যাশ দেখা দিলে চিকিৎসকরা হামের উপস্থিতি নিশ্চিত করেন। সংক্রামক রোগ হওয়ায় অন্যান্য রোগীর ঝুঁকি এড়াতে আক্রান্তদের পৃথক ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। আক্রান্ত শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, একই হাসপাতালে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় শতাধিক শিশু ভর্তি রয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। গত তিন দিনে এ ধরনের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, যদিও তাদের মধ্যে কেউ হামে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি।
চিকিৎসকরা জানান, আক্রান্ত শিশুদের মধ্যে উচ্চ জ্বর, শ্বাসকষ্ট, অচেতনতা এবং শরীরে র্যাশ দেখা যাচ্ছে, যা হামের জটিল লক্ষণ হিসেবে বিবেচিত। পরিস্থিতি বিবেচনায় আইসিইউ ও সিসিইউ সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় স্বাস্থ্য কর্তৃপক্ষ হামের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আক্রান্তদের পৃথকীকরণ, নিবিড় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নীলফামারী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতজনিত দুর্ভোগ লাঘবে নীলফামারী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর একটি ৫৩ আসনের বাস চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, সদর উপজেলার পলাশবাড়িস্থ কলেজ ক্যাম্পাস থেকে নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে বাসটি। পূর্বে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যবহারিক ক্লাসে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতো। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন বলেন, প্রায় তিনশ শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি পূরণে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে এই বাসসেবা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি এনে দেবে। এ সময় সংশ্লিষ্ট পরিবহন ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার দর্জিপাড়ার কোরবান আলীর তিন ছেলের ঘর নির্মাণে ৩ বান ঢেউটিন, মুন্সিপাড়ার রহিমুদ্দিনকে ২ বান ঢেউটিন ও শুকনো খাবার এবং ক্যান্সার আক্রান্ত নূর বানুকে ১ বান ঢেউটিনসহ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত এসব পরিবার পলিথিন টানিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বৈশাখের দ্বিতীয় দিনে দিনব্যাপী এ মেলা বসে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক শতাব্দী আগে শুরু হওয়া এই মাছের মেলা বর্তমানে গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মেলায় রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বিভিন্ন প্রজাতির বড় মাছ বেচাকেনা হয়। ক্রেতা-বিক্রেতারা জানান, বৈশাখে মাছের চাহিদা বেশি থাকায় মেলায় ভালো বিক্রির আশা থাকে। একই সঙ্গে এক জায়গায় নানা ধরনের বড় মাছ দেখার সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহও থাকে বেশি। স্থানীয়দের মতে, এই মেলা শুধু বাণিজ্য নয়, বরং এলাকার ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক হিসেবে প্রতি বছর নববর্ষে নতুন মাত্রা যোগ করে।